যাত্রাবাড়ীর ধলপুরে তেলেগু সম্প্রদায় মানবেতর জীবনযাপন করছে বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। বৃহস্পতিবার (২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে এই মন্তব্য করে রাষ্ট্রীয় এই সংস্থাটি। একইসঙ্গে তাদের আবাসনের ব্যবস্থা করে কমিশনকে অবহিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল গত ১৪ ফেব্রুয়ারি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তেলেগু সম্প্রদায়ের নাগরিকদের উচ্ছেদের আতঙ্ক হতে অব্যাহতি দিয়ে পরিকল্পিত উপায়ে আবাসনের সংস্থান করে কমিশনকে অবহিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। পরবর্তীকালে কমিশনের সঙ্গে ওই সম্প্রদায়ের নাগরিকদের যোগাযোগ অব্যাহত থাকে।
এদিকে বৃহস্পতিবার (২ মার্চ) কমিশনের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালকের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল পুনরায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শন করে তারা জানতে পারেন, নতুন যে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে মাত্র কয়েকটি ঘর তোলা হয়েছে। কক্ষগুলো এতই ছোট যে, তা ২/৩ জন মানুষের পক্ষে বসবাসের অনুপোযোগী। পূর্বের বসবাসের স্থান সুয়ারেজের পানিতে সয়লাব হয়ে যাওয়ার কারণে তা ইতোমধ্যে বসবাসের অনুপযুক্ত হয়েছে। অসহায় মানুষদের সুয়ারেজের পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। মশার উপদ্রব বেড়ে গিয়েছে। মানুষজনকে অনেক দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। বরাদ্দকৃত স্থানে বিদ্যুৎ বা পানির কোনও ব্যবস্থা দেখা যায়নি। তাদের কাছ থেকে জানা যায়, ১২৭টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে ৭টি পরিবার আদৌ বসবাসের জায়গা পাবে কিনা তার কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। নতুন জায়গায় আবাসস্থল গড়ে তোলার মতো তাদের হাতে পর্যাপ্ত অর্থও নেই। এ নিষ্ঠুর আচরণের ফলে তারা বর্তমানে আশ্রয়, বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রাবাড়ীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের মানুষ বর্তমানে আশ্রয়, বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বেঁচে থাকার ন্যূনতম সুবিধা তারা ভোগ করতে পারছেন না। একজন মানুষও গৃহহীন থাকবে না— প্রধানমন্ত্রীর এমন সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অসহায়, নিপীড়িত, সমাজ বিচ্ছিন্ন মানুষদের যথাযথ পুনর্বাসন না করে উচ্ছেদ করা সংবিধানের মূলনীতির পরিপন্থী ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও সরেজমিন পরিদর্শনে তা পরিলক্ষিত হয়নি। এ অবস্থায় ধলপুরে বসবাসরত তেলেগু সম্প্রদায়ের মানুষের জন্য দ্রুত পানি, বিদ্যুৎ, বসবাসের উপযোগী ঘর, পর্যাপ্ত টয়লেট, মাটি ভরাট করে রাস্তা ঘাট নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আহ্বান জানায় কমিশন।









