বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩ মার্চ) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গণমাধ্যমে ফটোজার্নালিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে বহু কালজয়ী বিখ্যাত ফটোজার্নালিস্ট আছেন। আমাদের দেশেও মুক্তিযুদ্ধের যে ছবিগুলো এখন আমরা দেখতে পাই, সেগুলো ফটোজার্নালিস্টদেরই তোলা।’
তথ্যমন্ত্রী বলেন, ফটোজার্নালিস্টদের তোলা বহু ছবি ইতিহাস ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সিরিয়ার উপকূলে শরণার্থী একটা ছেলের লাশের ছবি সমগ্র পৃথিবীকে ভাবিয়ে তুলেছে। যখন কোনও দৈব-দুর্বিপাক হয় তখন ফটোজার্নালিস্টরা সেখানে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তোলে, অনেক সময় একটা ছবির জন্য অনেকক্ষণ, অনেক দিন, অনেক মাস অপেক্ষা করতে হয়, এমন ঘটনাও আছে। ফটো জার্নালিস্টদের কাজটি অত্যন্ত সূক্ষ্ম কাজ।’
মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি শ্রী ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি নাসিম সিকদার ও জাহিদ উদ্দিন আহাম্মেদ সাইমন ও সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েনের নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক বাবুল তালুকদার ও দেলোয়ার হোসেন বাদল, অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মোববারক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মমীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদার, দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আল আমিন লিয়ন, মহুবার রহমান, মশিউর রহমান সুমন এবং এস এ মাসুম প্রমুখ।








