রাজধানীর সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় বেসরকারি ব্র্যাক ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম।
তিনি বলেন, আমাদের ব্যাংকের পাশের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাচের টুকরার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। তবে জখম গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যাংক যে ভবনে সেই ভবনে বিস্ফোরণ ঘটেনি।
এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ১২০ জন ঢাকা মেডিক্যালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
ব্র্যাক ব্যাংকের নিরাপত্তায় পুলিশ সদস্যরা ডিউটি করছেন বলে জানিয়েছেন মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খান।
আরও পড়ুন:
গুলিস্তানে ভবনে বিস্ফোরণ, নিহত ৪









