১৭ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ। মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ (৪৫) নামে ওই ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জমায়েতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য।
বৃহস্পতিবার (৯ মার্চ) ফেনী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এটিইউ-এর মিডিয়া শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ মামলা দায়েরের পর থেকেই পালিয়ে আত্মগোপনে চলে যায়। সে ওমরা ভিসায় সৌদি আরব গিয়ে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত অবস্থান করে এবং বেআইনি অবস্থানের দায়ে জেল খেটে ২০১৪ সালে দেশে ফিরে এসে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে শুরু করে। আসামি দীর্ঘ ১৭ বছর যাবৎ ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। সে স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতা ও ইমামতি করে জঙ্গিবাদে বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত মো. এমদাদুল হক তার অন্যান্য ১২ জন সহযোগী একত্রিত হয়ে বোমার সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিল। বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধী ও রাষ্ট্রবিরোধী আইনে ২০০৭ সালের ৫ এপ্রিল মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।









