রাজধানীর মাতুয়াইলে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মাতুয়াইল মেডিক্যালের সামনে মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন। ৫০ বছরের শাহাদাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে। তার বাবার নাম সিরাজুল ইসলাম। নিহত শাহাদাত কুরিয়ার সার্ভিসের এজেন্ট ছিলেন। ঢাকার ডেমরায় পরিবার নিয়ে থাকতেন।
শাহাদাতের শ্বশুর আবুল হাসেম সিকদার এসব নিশ্চিত করে বলেন, ‘মেডিক্যালের সামনে রাস্তায় দ্রুতগামী একটি মাইক্রোবাস শাহাদাতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা শাহাদাতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে, বিকাল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পাই। তার চার ছেলে, এক মেয়ে আছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু. মিয়া বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।’









