সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, বুধবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। তখন পুলিশ গিয়ে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে মিলনায়তন থেকে বের করে দেয়। এ সময় পুলিশের হামলায় আইনজীবী ও সাংবাদিকসহ প্রায় ২৫ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আখতার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি ধাক্কাধাক্কি, মারধর, ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্য দিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের অংশগ্রহণ ছাড়াই নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়। পাশাপাশি আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে একটি মামলাও হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়। সেই উচ্চ আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনা দুঃখজনক। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবী ও সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে আসক ।









