ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন—নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌস।
সোমবার (২৭ মার্চ) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্তের স্বার্থে তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।
এর আগে এ ঘটনায় রবিবার শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ছাত্র জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান।
মামলার অভিযোগে বলা হয়, তার ছেলে জোবায়েরকে হত্যার উদ্দেশে স্টাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে অভিযুক্তরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে তাদেরও এলোপাতাড়ি পেটায় অভিযুক্ত ব্যক্তিরা। প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখানো হয়। মারধরে জোবায়ের চেতনা হারিয়ে ফেললে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে জোবায়েরকে তার বন্ধুরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।









