ডিজিটাল নিরাপত্তা আইনে কোনও অভিযুক্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলে নিয়ে যাওয়া এবং দীর্ঘ সময় তাদের কোনও খোঁজ-খবর না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করে বাংলাদেশ মহিলা পরিষদ। বৃহস্পতিবার (৩০ মার্চ) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু সই করা এক বিবৃতিতে একথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্য করলাম, ডিজিটাল নিরাপত্তা আইনে দেশে সংবাদকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ সময় পরও তাদের অবস্থান সম্পর্কে কোনও রকম খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে আমরা প্রায়ই লক্ষ্য করছি, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ আমাদের সংবিধানের প্রদত্ত বাক ও মত প্রকাশের অধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রায়ই মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তি, সংবাদকর্মী ও মানবাধিকারকর্মীরা এ আইনের অপপ্রয়োগের শিকার হচ্ছেন। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ সংবিধানের আলোকে ডিজিটাল নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগ ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। এই আইনের অপপ্রয়োগের শিকার যেন কেউ না হয় সেদিকে লক্ষ্যে রেখে আইনের প্রয়োজনীয় সংশোধন এবং সংবাদকর্মী, মানবাধিকারকর্মীদের সার্বিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছে।









