তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
সভায় অন্তর্বর্তীকালীন নির্বাচনের জন্য আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক ও আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটির সদস্য সচিবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার সমিতির সংবিধানের অনুচ্ছেদ ১৭(৩) (এ) অনুযায়ী ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে বার ভবনের এনেক্স হল রুম ১ ও ২ এ তলবি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। সভায় সাবেক সভাপতি,সম্পাদক ও সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো-
১. গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
২. মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে ১৪ সদস্যের অন্তবর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
৩. এই কমিটি সমিতির সংবিধান অনুযায়ী অপশনন ফরম বিতরণ করে ১৫ মে’র মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে এবং ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।
৪. প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করে বারের ব্যাংক অ্যাকাউন্ট বারের রুটিন কার্যক্রম পরিচালনা করবে অন্তবর্তীকালীন কমিটি।
৫. আগামী ১ এপ্রিল থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বারের সকল কর্মকর্তা–কর্মচারি তথা বারের অফিস অন্তবর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
তলবি সভায় গঠিত ১৪ সদস্যের অন্তবর্তীকালীন কমিটির সদস্যরা হলেন- গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মো. নজরুল ইসলাম, ড. রফিকুল ইসলাম মেহেদী, ড. এম খালেদ আহমেদ, তৈমূর আলম খন্দকার, এস এম খালেকুজ্জামান, মির্জা আল মাহমুদ, মো. সাইফুর রহমান, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ড. শামসুল আলম ও এস এম জুলফিকার ইসলাম জুনু।
এছাড়া অন্তবর্তীকালীন কমিটির উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, সংবিধান ড. কামাল হোসেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, হাসান আরিফ, জয়নুল আবেদীন, হাবিবুর রহমান ভূইয়া, এ জে মোহাম্মদ আলী, এম কে রহমান ও আবু সাইদ সাগরকে।
প্রসঙ্গত, গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, মামলা, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্যে অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪টি পদের সব ক’টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়।








