শিল্প ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘মেঘ’ এর সম্পাদক ও কবি শাহিন লতিফ দীর্ঘ সাত বছর ধরে চোখের এক জটিল রোগে আক্রান্ত। নিউরোলজিক্যাল জটিলতায় কোনও কাজও করতে পারছেন না তিনি। তবে তিন লাখ টাকা হলেই তার চিকিৎসা শুরু হবে। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের চক্ষুরোগ বিশেষজ্ঞ রমারাজা গোপালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন কবি শাহিন লতিফ।
সেখানকার চিকিৎসকরা শাহিন লতিফকে জানিয়েছেন, অতি দ্রুত তার চোখের অপারেশন করে কর্নিয়া সংযোজন ও ব্রেনের অপারেশন করে কৃত্রিম নার্ভ সংযোজন করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন চিকিৎসাও চালিয়ে যেতে হবে তাকে। না হলে চিরঅন্ধত্ব বরণ করতে হবে তাকে। চোখের অপারেশন ও চিকিৎসার জন্য অন্তত ১৭ লাখ টাকার প্রয়োজন।
এই পুরো টাকা তার পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। অবশ্য ইতোমধ্যে নানাজনের সহযোগিতায় ১৪ লাখ টাকা জোগাড় হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
শাহিন লতিফ বলেন, ‘আমার চিকিৎসার জন্য আরও তিন লাখ টাকার প্রয়োজন। এই তিন লাখ টাকা জোগাড় করতে পারলে আমি চিকিৎসা সম্পন্ন করতে পারব। এখন প্রিয়জন, স্বজন আর বন্ধুদের সহযোগিতা প্রত্যাশা করছি।’
চিকিৎসার জন্য শাহিন লতিফ ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা পান।
শাহিন লতিফকে অর্থ সহায়তা পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ২১০৪২১৯০২৩৪৭০, অ্যাকাউন্টের নাম : শাহিন লতিফ, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। এ ছাড়া ০১৩১৭২৪৭০৮১ বিকাশ (মার্চেন্ট) অ্যাকাউন্ট নম্বরেও সহায়তা পাঠানো যাবে।
শাহিন লতিফের অসুস্থতা সম্পর্কে কবি আলফ্রেড খোকন সংবাদমাধ্যমে বলেন, ‘শাহিন লতিফ দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা বন্ধুরা, স্বজনরা নিজেদের সাধ্যমতো তার পাশে দাঁড়িয়েছি। কিছু অর্থ জোগাড় হয়েছে। এখন আরও কিছু অর্থ হলেই সে তার চিকিৎসা করাতে দেশের বাইরে যেতে পারে। আশা করব, সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবে।’









