নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিন পথচারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সকল ৯টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
আহত ব্যক্তিরা হলেন রূপগঞ্জ চনপাড়া এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে রোমান (১৮), একই এলাকার নুরুল ইসলামের ছেলে সানি (১৮) ও আব্দুস সাত্তারের ছেলে পারভেজ (২৭)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপগঞ্জ চানপারা এলাকা থেকে তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জ চনপাড়া অফিস গলি এলাকায় জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মধ্যে গুলির ঘটনা ঘটে। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনজন গুলিবিদ্ধ হন।









