সুন্দরবনে ভারতীয় ৪ মৌয়ালকে অপহরণের অভিযোগ করেছে ভারতীয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা। তাদের দাবি, ভারতীয় চার মৌয়ালকে অপহরণ করা হলেও তাদের মধ্যে দুজন অপহরণকারীদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অপহরণকারীদের ছয়টি নৌকা জব্দ করেছে তারা। এসব নৌকা বাংলাদেশিদের বলে ধারণা তাদের।
পশ্চিমবঙ্গের গোসাবার জেলা পরিষদ সদস্য অনিমেষ মণ্ডল জানান, সাতজেলিয়ার বাসিন্দা অনিল মিস্ত্রি, গোবোর্ধন মণ্ডল, মন্টু সরকার এবং আরও একজন মধু সংগ্রহের কাজে গিয়েছিল। তারা আঁধারমুনি খালের ধারে মধু সংগ্রহ করার সময় মঙ্গলবার (১১ এপ্রিল) আচমকাই তাদের ওপর জলদস্যুরা আক্রমণ করে।
হামলাকারীরা বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সাতজেলিয়ার বাসিন্দা এই মৌয়ালদের বেধড়ক মারধর করা হয়েছে এবং তাদের কাছ থেকে সব মধু কেড়ে নেওয়া হয়েছে। তারপর হাত-পা বেঁধে নৌকায় ফেলে রাখা হয়। জলদস্যুদের চোখে ধুলো দিয়ে দুজন কোনোরকমে পালিয়ে আসেন। তারা বন দফতরের কর্মীদের কাছে অভিযোগ জানান। তারপরেই বনকর্মী ও পুলিশ স্পিড বোট নিয়ে জলদস্যুদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।’
ভারতের ‘সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প’-এর অতিরিক্ত কর্মকর্তা স্টিফেন জোনস জানান, সুন্দরবনে মধু সংগ্রহকারীদের ওপর হামলার একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি করে ছয়টি নৌকা আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাগুলো বাংলাদেশি। অন্য নৌকার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।









