রাজধানীর রামপুরায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আহত নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজা বেগম (৫০)। তিনি কিশোরগঞ্জের নিকলীর মৃত আলী আকবর আবুলের স্ত্রী। বর্তমানে রামপুরা ইস্টার্ন হাউজিং এ থাকতেন। তার এক মেয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে এবং ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনাটি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাতিজা মো. আলামিন জানিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি (ফিরোজা) বাসা বাড়িতে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে ইস্টার্ন হাউজিংয়ের বাসার অদূরে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়, এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।
আলামিন আরও বলেন, এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেলসহ চালককে আটক করে থানায় দিয়েছে।









