ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিল, মত প্রকাশের স্বাধীনতা এবং খাদ্যের অধিকার নিশ্চিত করার দাবিতে আগামী ৬ মে (শনিবার) রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের ডাক দিয়েছে ৩১টি সংগঠন।
রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে ৩১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান।
সোমবার (১৭ এপ্রিল) ৩১ সংগঠনের পক্ষে উদীচীর প্রচার ও তথ্যপ্রযুক্তি বিভাগের সম্পাদক কংকন নাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিল, কথায় কথায় ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে গ্ৰেফতার-হয়রানি বন্ধ এবং ওই আইনে কারাবন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার, জনগণের খাদ্যের অধিকার নিশ্চিত ও অত্যাবশ্যকীয় সেবা খাতের নামে শ্রমিক শ্রেণির ধর্মঘট করার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে এই সমাবেশ হবে।
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ সফল করার জন্য সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী, সাংবাদিকসহ সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।









