নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ওয়ারেন্টভুক্ত আসামি উম্মে কুলসুম ওরফে তামান্না ওরফে পারুমী ওরফে পারুল ওরফে আসিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বুধবার (৩ মে) ভোরে রাজধানীর মিরপুর-১২ নম্বর সি ব্লকের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গ্রেফতার কুলসুম ২০০৭ সালে সবুজ নামে এক ব্যক্তির মাধ্যমে জেএমবির সক্রিয় সদস্য আবু বকর সিদ্দিককে বিয়ে করে। এরপর থেকে সে সক্রিয়ভাবে জেএমবিতে জড়িয়ে পড়ে। ২০১০ সালে তার বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে সে পলাতক ছিল।’
এদিকে, অন্য আরেকটি অভিযানে চট্টগ্রাম মহানগরের পাঁচগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মো. আরমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
মো. আসলাম খান বলেন, ‘মঙ্গলবার (২ মে) ওই অভিযান চালানো হয়। আসামি আরমান জামিন নিয়ে আদালতে হাজিরা না দিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চট্টগ্রামের হাটহাজারী থানা ও মহানগরের চাঁদগাও বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনসহ ১০টি মামলা রয়েছে।’









