নাশকতার অভিযোগে দায়ের হওয়া পাঁচ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী।
তার পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইউনুস আলী রবি।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৩ ও ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও, পল্লবী ও মিরপুর থানায় দায়ের হওয়া নাশকতার ৫ মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে নীরবকে জামিন দেন হাইকোর্ট। ওই ৫ মামলাসহ মোট ১২ মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে আরও মামলা থাকায় তিনি এখন জামিনে মুক্তি পাচ্ছেন না।
প্রসঙ্গত, গত ৫ মার্চ বিকালে রাজধানীর তেজগাঁও এলাকার এফডিসির পাশ থেকে নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
পরদিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নীরবকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন জজ আদালত। তারপর থেকে তিনি কারাবন্দি।









