জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন আমদানি ও রফতানি দফতরের সাবেক নিয়ন্ত্রক মুন্সি রুহুল আমীন ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন।
দুদকের দায়ের করা এজাহারে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আমদানি ও রফতানি দফতরের নিয়ন্ত্রক মুন্সি রুহুল আমীন এক কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৪২৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। একইসঙ্গে এ অবৈধ সম্পদকে বৈধতা দেওয়ার লক্ষ্যে স্ত্রী কানিজ ফাতেমার নামে এক কোটি ৭৫ লাখ ৮ হাজার ৬০১ টাকা স্থানান্তর করেন।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে জানান, অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মতো শাস্তিযোগ্য অপরাধ করায় কমিশন মামলা দায়েরের অনুমোদন দেন। অনুমোদন পেয়ে সহকারী পরিচালক সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন।









