রাজধানীর যাত্রাবাড়ীতে চৌরাস্তার মোড়ে তুরাগ বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল চেক লুঙ্গি ও খয়েরি রঙের ফুল শার্ট।
মঙ্গলবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। বাসটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক এসআই নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় তুরাগ বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে দুপুরে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।









