কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় দুস্থদের জন্য মহিলা অধিদফতরের ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল মজুত করার মামলার আসামি মো. মকবুল হোসেন খবরুলের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার জামিন মেলেনি বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (১৪ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আমেনা বেগম।
এর আগে চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা মহিলা অধিদফতরের থেকে দুস্থ মহিলাদের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ভিজিডি কার্ডের ৫ হাজার ৯৩৯ কেজি চাল বেশি লাভের আশায় মজুত করার অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় গত ১৭ মার্চ ভুরুঙ্গামারী উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়তী রানী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী থানায় দায়েরকৃত মামলায় মো. মকবুল হোসেন খবরুলকে আসামি করা হয়।









