মা হারানো পাবনার ৪ বছরের এক শিশু কন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। তবে নানির জিম্মায় এ শিশু সাবালিকা হওয়া পর্যন্ত থাকবেন। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।
ওই শিশুকে বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে বৃহস্পতিবার (১৮ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে. এম. ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে নানি জাহানারা বেগমের পক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল হাই সরকার। আর বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে আইনজীবী ছিলেন মো. শহীদুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে ওই শিশুর মা আইরিন পারভীন ২০১৯ সালের ১০ জুন মৃত্যুবরণ করলে শিশুটি খালা ও নানির সাথে বসবাস করছিল। তবে বাবা পুনরায় আদালতে রিভিশন আবেদন করলে পাবনার অতিরিক্ত ২য় দায়রা আদালত শিশুটিকে পিতার জিম্মায় দেন।
পরে নানি জাহানারা বেগম সেই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে কোয়াশমেন্ট (বিচারিক আদালতের রায় বাতিল চেয়ে) আবেদন করেন। হাইকোর্ট রুল জারি করেন এবং শিশুসহ বাবাকে ও নানিকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেন।
ওই আদেশের ধারাবাহিকতায় তারা উভয়পক্ষ আদালতে হাজির হন। এরপর আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা জানায়। এরপর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে শিশুটিকে নানির জিম্মায় দেন। ফলে শিশুটি সাবালিকা না হওয়া পর্যন্ত নানির কাছে বড় হবে। বাবাকে ভরণপোষণ বহন করতে হবে।









