সমকামিতার আড়ালে অপরাধ চক্র গড়ে তোলার অভিযোগে রাজধানীর দক্ষিণখান থানায় করা মামলায় দুই জনকে চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলো— মো. তারেক ওরফে তারেক আহম্মেদ (৩২) ও মো. হৃদয় আলী।
বৃহস্পতিবার (১৮ মে) তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই মোছা. রেজিয়া খাতুন ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরবর্তী সময়ে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সমকামী তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতো একটি চক্র। গত বছরের ১৭ ডিসেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এই চক্রের ডাকে ঢাকায় আসেন আমির হোসেন (২৫)। এরপর চক্রের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে অপহৃত হন। পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও টাকা না পেয়ে আমিরকে হত্যা করে লাশ গুম করে চক্রটি। ঘটনার দীর্ঘ তদন্ত শেষে বুধবার (১৭ মে) ঢাকা ও নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ।









