নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা চট্টগ্রাম ছয় লেন রাস্তা, ফেনী-রামগড়, বিবিরবাজার-আখাউড়া চার লেনের রাস্তা, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু; শেখ হাসিনা আছেন বলেই মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার উন্নয়ন সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।
রবিবার (২১ মে) ফেনীর পরশুরাম উপজেলায় ‘বিলোনিয়া স্থলবন্দরের’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে এসব কথা বলেন তিনি। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, যখন বিশ্বব্যাংক, ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান ও সম্ভাষণ জানায় নাগরিক হিসেবে, আমরা আনন্দিত হই। দেশের ১৬ কোটি মানুষ সম্মানিত হই। বঙ্গবন্ধুর মতো তিনিও আমাদের হিমালয়ের চূড়ায় নিয়ে গেছেন।
তিনি বলেন, যারা উন্নয়ন পছন্দ করে না, তারাই ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা, সারা দেশে সিরিজ বোমা হামলা, জাতীয় নেতাদের বোমা মেরে হত্যা করে। বাংলাদেশ ব্যর্থ থাক; স্বাধীনতার সুখ না পায়, সেটা তারা চায়। সে ষড়যন্ত্র করছে। একজন লন্ডন থেকে আরেকজন দেশে থেকে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য শিরীন আখতার, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান এবং প্রকল্প পরিচালক ডিএম আতিকুর রহমান।
উল্লেখ্য, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতায় ফেনী জেলার পরশুরাম উপজেলাধীন এই বিলোনিয়া স্থলবন্দরটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে ৩৮ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হয়েছে। ১০ একর জমিতে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, একটি ওয়্যারহাউজ, ট্রান্সশিপমেন্ট শেডসহ একটি অফিস ভবন, একটি ডরমিটরি ভবন নির্মাণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় বন্দরের ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, টয়লেট কমপ্লেক্স ও আমদানি-রফতানি করা পণ্যের সঠিক পরিমাপের লক্ষ্যে ১০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি ডিজিটাল ওয়েব্রিজ স্কেল নির্মাণ করা হয়েছে। এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি করা যায়।
তবে বর্তমানে প্রধানত গবাদিপশু, মাছের পোনা, তাজা ফলমুল, গাছগাছড়া, বীজ, গম, পাথর (স্টোনস এনড বোল্ডারস), কয়লা, রাসায়নিক সার, চায়না ক্লে, কাঠ, টিম্বার, চুনাপাথর, পেঁয়াজ, মরিচ, রসুন, আদা, বলক্লে, কোয়ার্টজ ইত্যাদি আমদানি করা হয়ে থাকে। রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও শিশু খাদ্য ইত্যাদি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। স্থলপথে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় ২৪টি স্থলবন্দর প্রতিষ্ঠা লাভ করে। এসব স্থলবন্দরের মধ্যে ইতোমধ্যে ১৪টি স্থলবন্দরের উন্নয়ন সম্পন্ন করে অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। ফেনী জেলার পরশুরাম উপজেলায় ‘বিলোনিয়া স্থলবন্দর’ একটি। প্রতিমন্ত্রী পরে ‘বিলোনিয়া স্থলবন্দর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।









