রাজধানীতে পৃথক ঘটনায় রায়েরবাজার এলাকায় ছিনতাইকারীরা এক কলেজছাত্রসহ তিন জনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (২৩ মে) রাতে এসব ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন— শিক্ষার্থী নুরুল ইসলাম নাঈম (২০), সিএনজি অটোরিকশা চালক সাঈদ হোসেন (২২) ও লেগুনা চালক পারভেজ (২১)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আহত তিন জন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তিনি বলেন, আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তাদের স্বজনরা। আহতদের বাসা রায়েরবাজার এলাকায়।
আহত নাঈমের খালাতো ভাই ইমন বলেন, নাঈম কোচিং শেষে রায়েরবাজার বাসায় ফেরার পথে ইউসুফ স্কুল বৈশাখীমাঠের সামনে ৪/৫ জন ছিনতাইকারী পথরোধ করে পিঠে ছুরিকাঘাত করে। এসময় ছিনতাইকারীরা নগদ দুই হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। লরেন ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম।
একই এলাকায় লেগুনা চালক পারভেজ (২১)-কে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ৬/৭ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অপরদিকে, একই রাতে রায়েরবাজার সাদেক খান পেট্রোল পাম্পের পাশে ছিনতাইয়ের শিকার হন সাঈদ হোসেন নামে আরও এক ব্যক্তি। সিএনজি অটোরিকশা গ্যারেজে রেখে বাইরে একটি বিকাশের দোকানে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ৪/৫ জন ছিনতাইকারী শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে নগদ ছয় হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।









