গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৯৬০টি পরিবারের জন্য নির্মিত পাকা ১৯২টি টিনশেড ঘর (ব্যারাক হাউজ) হস্তান্তর করেছে নৌবাহিনী।
বুধবার (২৪ মে) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য এসব ঘর নির্মাণ করে।
প্রতিটি ঘরে ৫টি করে মোট ৯৬০টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ঘরে (ব্যারাকে) পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর নির্মিত আবাসন ঘরগুলো বুঝে নেন। এ সময় নৌবাহিনীর প্রতিনিধি কমান্ডার এস এম জাহিদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২২৪টি প্রকল্পে ৪ হাজার ২১৭টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করে নৌবাহিনী। এসকল ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩২ হাজার ৪৪৫টি গৃহহীন পরিবার। এছাড়া বর্তমানে খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের আওতায় ১৫২টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। যা শেষ হলে আরও ৭৬০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।









