শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫-এর বিচারক তানজিলা ইসলামের আদালত এ অভিযোগ গঠন করেন।
আদালতে শাহাদাত ও তার স্ত্রী উপস্থিত ছিলেন। নির্যাতিত গৃহকর্মী হ্যাপি ও তার পরিবারের সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি আলী আসগর স্বপন ও নাজমুল হুদা এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শাহাদাত ও তার স্ত্রীকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে শুনানি করেন তাদের আইনজীবী জিএম মিজানুর রহমান। এ আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ০৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপি (১১) নামের ওই গৃহকর্মীকে রাস্তা থেকে উদ্ধার করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মারাত্মক আহত গৃহকর্মী হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে শাহাদাত ও জেসমিন জাহানকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। গত ০৪ ফেব্রুয়ারি চার্জশিট আমলে নেন ট্রাইব্যুনাল।
গত বছরের ০৩ অক্টোবর দিনগত গভীর রাত সাড়ে তিনটায় মালিবাগের পাবনা গলিতে তার বাবার বাড়ি থেকে জেসমিন জাহান নিত্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। আদালতের অনুমোদনক্রমে তাকে তিনদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ০১ ডিসেম্বর নিত্যকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।
অন্যদিকে শাহাদাত গত বছরের ০৫ অক্টোবর সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। এ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। আদালতের নির্দেশে ০৮ অক্টোবর থেকে তিনদিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে ০৮ ডিসেম্বর শাহাদাতকে আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিন দেন হাইকোর্ট।
/টিএইচ/এআর/এজে/








