শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. তাজুল ইসলামের বিরুদ্ধে শত শত কোটি টাকার অনিয়মের বিষয়ে দুদকে দেওয়া আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি নিষ্পত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে আবেদনটি নিষ্পত্তির বিষয়ে দুদকের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে দুদক চেয়ারম্যান এবং ড. তাজুল ইসলামকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সাংবাদিক মনজুরুল বারী নয়নের জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৫ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বেয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. অজিউল্যাহ ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারি। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
এর আগে তাজুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত শত শত কোটি টাকার সম্পত্তির বিষয়ে ঢাকা প্রতিদিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। এরপর তাজুল ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়নকে প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদ ও তার দুর্নীতির তদন্ত করতে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ক্রাইম বিপোর্টার্স অ্যাসোসিয়েশন।









