রাজধানীর শাহবাগ এলাকা থেকে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন– শেখ আক্কাস, মো. তুহিন ও আব্দুল মোন্নাফ।
রবিবার (২৮ মে) আসামিদের আদালতে উপস্থিত করা হয়। এ সময় ঘটনার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহম্মদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শাহবাগ থানার তোপখানা রোড এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ গ্রেফতার করা হয় ওই তিন জনকে।
গ্রেফতার ব্যক্তিরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।









