রাজধানীর কদমতলীতে নিখোঁজের চার দিন পর মো. ইমন (১৬) নামে এক কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। সে তার বাবার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো। শনিবার (৩ জুন) রাতে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আহামেদ নোয়াজেস বিষয়টি নিশ্চিত করেন। নিহত ইমন নামা শ্যামপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।
এসআই আহামেদ নোয়াজেস বলেন, কিশোরের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। জানা গেছে, তার বাবা মো. লিটন অটোরিকশা চালাতেন, ছেলেও বাবার অটো চালাতো। গত চার দিন আগে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। ঘটনার দুদিন পর অটোরিকশাটি শ্যামবাজার এলাকায় সড়কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। কিন্তু ইমনকেকে পাওয়া যায়নি।
পরে গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে পূর্ব মোহাম্মদবাগ এলাকার একটি মসজিদের পাশে ডোবার কাছে ময়লা-আবর্জনার উপর থেকে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যায়। মরদেহটি তার বাবা শনাক্ত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘কিশোরকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হত্যা করে বস্তাবন্দি করে ডোবায় ফেলে যায়। আমরা বিষয়টি তদন্ত করছি এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি’।









