নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার ব্যক্তির নাম হাজী মো. সোলায়মান ওরফে মুন্সি ইউনুছ আলী (৬৫)। মঙ্গলবার (৬ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কাপাসিয়া থানার সনমানিয়া ইউনিয়নের গোস্বাবর গ্রামের পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এটিইউ’র পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার হাজী সোলায়মান ২০১১ সাল থেকে প্রায় ১২ বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। জেএমবির সক্রিয় সদস্য হয়ে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার জন্য সাংগঠনিকভাবে কাজ করে আসছিল। ২০১১ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানার ছালরা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ তার সহযোগী সমর আলীকে গ্রেফতার করে র্যাব-৯। তখন সেখান থেকে কৌশলে পালায় সে। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে।
তিনি বলেন, ‘কুমিল্লা, সিলেট, নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে মৎস্য খামারের ব্যবসা করে আসছিল হাজী সোলায়মান। তার বিরুদ্ধে ময়মনসিংহ মুক্তাগাছা থানায় ২০১১ সালের ৪ মার্চ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।’









