জনশক্তি রফতানি খাত রক্ষায় সরকারের হস্তক্ষেপ চান রিক্রুটিং এজেন্সি মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ২৩:৩১আপডেট : ০৬ জুন ২০২৩, ২৩:৩৩

ঘুষ, চাঁদাবাজি, মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে জনশক্তি রফতানি খাতকে রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। ভুক্তভোগীদের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ করা হয়েছে। প্রতিকার চেয়ে এজেন্সি মালিকরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখাও করেছেন। মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

দেশের বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আসে জনশক্তি খাত থেকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট নিরসনে যখন সরকার হিমশিম খাচ্ছে; তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তার চাঁদাবাজি, ঘুষ আর হয়রানিমূলক তৎপরতায় জনশক্তি খাত পুরোপুরি মুখ-থুবড়ে পড়তে পারে। ফলে সৃষ্ট রেমিট্যান্স সংকটে দেশের অর্থনীতি আরও খারাপ হতে পারে। এটাকে দেশের জনশক্তি খাতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন রিক্রুটিং এজেন্সির মালিক বলেছেন, ঘুষ, চাঁদাবাজি, মিথ্যা মামলা আর হয়রানির কারণে তাদের অনেকেই এ খাত থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। এ অবস্থায় দেশ রেমিট্যান্স নিয়েও গভীর সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থার এক শ্রেণির অসাধু কর্মকর্তা ইদানীং তাদের মারাত্মকভাবে হয়রানি করছেন। ঘুষ বা চাঁদার দাবিতে এমনকি রিক্রুটিং এজেন্সি মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, গত মার্চে সৌদি আরবে কয়েকজন রিক্রুটিং এজেন্সি মালিক আটকের পর থেকেই বিষয়টিকে চাঁদাবাজির হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে এদেশের তিনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু কর্মকর্তারা। সৌদি আরবে অবস্থানরত কয়েকজন জনশক্তি রফতানিকারকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত চললেও এখন বাংলাদেশে এ খাতের বড় বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে মনগড়া ও উদ্ভট অভিযোগ তুলে হয়রানি করা হচ্ছে।

ঘুষ বা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মানিলন্ডারিং ও মানবপাচারসহ বিভিন্ন আইনে মামলা দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতোমধ্যে ডিবি নিজে বাদী হয়ে রাজধানীর বনানী থানায় দেশের খ্যাতনামা ২৫ রিক্রুটিং এজেন্সি মালিকসহ ৩০ জনের বিরুদ্ধে একটি গায়েবি মামলা করেছে বলে অভিযোগ।

বেশ কয়েকজন রিক্রুটিং এজেন্সি মালিক অভিযোগে বলেন, এসবির এক অতিরিক্ত পুলিশ সুপার বড় বড় রিক্রুটিং ব্যবসায়ীকে ফোন করে তার সঙ্গে দেখা করতে বলেন। কেউ দেখা করতে গেলে তার বিরুদ্ধে উদ্ভট অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে জিজ্ঞাসাবাদের নামে নানাভাবে হয়রানি করছেন। মোটা অঙ্কের টাকা দিলে এই হয়রানি থেকে রেহাই মিলছে বলেও অভিযোগ। ডিএমপির ডিবির এক অতিরিক্ত উপ-কমিশনারের বিরুদ্ধেও একই ধরণের অভিযোগ উঠেছে। এর অংশ হিসেবে ২৫ জনশক্তি ব্যবসায়ীসহ ৩০ জনের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিবির এক শ্রেণির অসাধু কর্মকর্তার সিন্ডিকেট এই চাঁদাবাজি আর হয়রানিতে জড়িত। তারা এ কাজে লক্ষ্মীপুর জেলার এক বিএনপি নেতার মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির মালিককে মাঠে নামিয়েছে।

একইভাবে সিআইডির কতিপয় কর্মকর্তাও স্বপ্রণোদিত হয়ে তদন্তের নামে জনশক্তি ব্যবসায়ীদের হয়রানি করছে বলেও অভিযোগে বলা হয়। তিনি দেশের বড় বড় জনশক্তি রফতানিকারকদের অর্থাৎ রিক্রুটিং এজেন্সি মালিকদের ফোন করে ডেকে নিয়ে সৌদি আরবের ঘটনার সঙ্গে জড়িয়ে অথবা মানিলন্ডারিংসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন।

মোটা অঙ্কের টাকা না দিলে ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট ও সম্পদের হিসাব-নিকাশ নিচ্ছেন। জানা গেছে, সম্প্রতি এক ব্যবসায়ী হয়রানির মুখে এক কোটি টাকা ঘুষ দিয়ে পার পেয়েছেন। এভাবে অন্তত ৩০ জন ব্যবসায়ীর কাছে ৫০ লাখ থেকে এক কোটি টাকা করে ঘুষ দাবি করেছে চক্রটি। সিআইডির একশ্রেণির অসাধু কর্মকর্তার অত্যাচারে জনশক্তি রফতানিকারকরা রীতিমতো অতিষ্ঠ।

ভুক্তভোগীদের কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদেরকে পদে পদে হয়রানি পোহাতে হয়। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয়; তবে তাদের পক্ষে আর সম্মান নিয়ে এ ব্যবসা করা সম্ভব হবে না। এতে রেমিট্যান্স আয় মারাত্মক হুমকির মুখে পড়বে।

 

/ইউআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম