রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় মো. ইমরান (২৮) নামে এক প্লাস্টিক কারখানার সুপারভাইজার নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুন) রাতে ঘটনাটি ঘটে।
পথচারী এক শিক্ষার্থী মাহমুদুল হাসান তাকে রাস্তা থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখান থেকে বাংলাদেশ মেডিক্যাল, পরে রাত এগারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী মাহমুদুল জানান, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে নতুন বাজার ও বসুন্ধরা আবাসিকের মাঝামাঝি প্রধান সড়কে দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিল। পরে একটি প্রাইভেটকার লোকটিকে বাঁচাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। পরে আমিসহ আরও কয়েকজন তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যাই।
এদিকে সংবাদ শুনে হাসপাতালে ছুটে যান তার বড় ভাই মনির হোসেন। তিনি বলেন, কীভাবে কোথায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, আমরা দেখি নাই, শুনেছি।
বরগুনা জেলার বেতাগী উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইমরান। সাত ভাই, চার বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
তিনি বলেন, গুলশান নতুন বাজার বালুর মাঠ এলাকায় থাকতো। সেখানেই একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতো।
তিনি আরও বলেন, গত দুই মাস আগে ইমরান বিয়ে করে। তার স্ত্রীর নাম নিপা। স্ত্রী গ্রামে থাকে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।









