সরকারি ছুটির দিন হিসেবে শনিবার রাজধানীর সড়ক সাধারণত কিছুটা যানজট মুক্ত থাকে। তবে আজ বৃষ্টি এবং শাহবাগ এলাকায় বিভিন্ন সমাবেশকে কেন্দ্রে করে তীব্র যানজট দেখা দিয়েছে রাজধানী জুড়ে।
শনিবার (১০ জুন) বিকাল ৩টায় শাহবাগ মোড় অবরোধ করে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরি প্রার্থীরা যান চলাচল বন্ধ করে দেয়। তার আগেই দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর সমাবেশ শুরু হয়। দলটির সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ ও মৎস্য ভবনের সামনের সড়কে যান চলাচল সীমিত হয়ে যায়। এরফলে সড়কের উভয় পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে এই যানজটের প্রভাবে রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, কাঁটাবন, বিমানবন্দর সড়ক, বনানী, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন এলাকাসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি মো. সাহেদ আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে শনিবার ছুটির দিন হিসেবে সড়ক ফ্রি থাকার কথা তবে সেটা নেই। সড়কে প্রচুর চাপ রয়েছে। একদিকে বৃষ্টি, অন্যদিকে সমাবেশ; সবমিলিয়ে মানুষের চলাচল বেড়েছে। ফার্মগেট হয়ে শাহবাগের দিকে তীব্র যানজট রয়েছে। এদিকে বিজয় সরণির আশপাশেও যানজট আছে।’









