ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবেদ আলী (৫৭) নামে বিডিআর বিদ্রোহ মামলার এক কারাবন্দির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টা ৮ মিনিটে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
আবেদ আলী দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে। সাবেক বিডিআর’র ল্যান্স নায়েক ছিলেন তিনি।
বাচ্চু মিয়া বলেন, ‘গত ৭ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন আবেদ আলী। ওইদিন কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’








