রাহমান কেমিক্যাল কোম্পানি লিমিটেডের পরিচালক স্বপন কুমার মিস্ত্রির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে চার কোটি ১৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন মামলাটির তদন্ত করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, স্বপন কুমার মিস্ত্রি চার কোটি ১৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া তিনি নির্ধারিত সময়ে সম্পত্তির ঘোষণাপূর্বক নির্দিষ্ট সম্পদ বিবরণী ফরম দুর্নীতি দমন কমিশনে দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় চার্জশিট দাখিলের সুপারিশ করে কমিশনের কাছে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন সাক্ষ্য-স্মারক দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছেন।
স্বপন কুমার মিস্ত্রি রাহমান কেমিক্যাল লিমিটেডের পরিচালক। তার পিতার নাম উপেন্দ্রনাথ মিস্ত্রি। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের ৪২/৩ নম্বর বাড়িতে থাকেন। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরের আজালীবুনিয়া গ্রামে।









