সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। শুক্রবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিচার দাবি করেন।
সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ‘সাংবাদিকতা অপরাধ নয়, সাংবাদিক নাদিম হত্যার বিচার চাই’, ‘সাংবাদিক নাদিম হত্যার সকলকে গ্রেফতার করো’, ‘সাংবাদিক হত্যার বিচাই, লেখার স্বাধীনতা চাই’, ‘সাংবাদিক মারা সরকার আর নাই দরকার’, ‘জালিমের বিচার করবে জনগণ’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাইমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাকা মহানগর সংসদের দফতর সম্পাদক আমিনুল ইসলাম ইমন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সংগঠক শাহরিয়ার শিহাব।
রাগীব নাঈম বলেন, ‘এই সরকার একজন সাংবাদিককে সুরক্ষা দিতে পারে না, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা দিতে পারে না। এই সরকার সুরক্ষা দেয় তার সন্ত্রাসী বাহিনীকে, সুরক্ষা দেয় তার তাঁবেদার গোষ্ঠীকে। আজকের এই মানববন্ধন শুধু এখানে নয়, দেশের সব জেলায় একযোগে অনুষ্ঠিত হওয়া উচিত।’
তামজীদ হায়দার চঞ্চল বলেন, ‘নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ায় ধর্ষণের ঘটনা ঘটেছিল। সাংবাদিক নাদিমকেও হত্যা করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। ছাত্রলীগ, যুবলীগের মতো সন্ত্রাসী সংগঠনগুলো টিকে আছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এই মুহূর্তে আমাদের কাজ তাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা।’
মানববন্ধনে বক্তারা দেশে ক্রমাগত সাংবাদিক নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দেশের মানুষকে প্রতিবাদে অংশ নিতে আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুক্তমত প্রকাশ ও স্বাধীন সাংবাদিকতা চর্চার জন্য হুমকি এ দেশের ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে পরাস্থ হবে। ইতিহাস সেই ইঙ্গিতই দেয়।









