টাঙ্গাইলের মধুপুরের দোখলা আমতলি বাইদে লেক খননের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গারো কোচ সম্প্রদায়ের লোকেরা। সম্প্রতি দোখলার আমতলি বাইদে গারোদের দখলীয় জমিতে লেক খননের সিদ্ধান্ত নেওয়ায় তাদের ধানের আবাদি কৃষি জমি রক্ষায় বিক্ষুব্ধ আদিবাসী জনগণ ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের ব্যানারে শুক্রবার (১৬ জুন) সকালে এ কর্মসূচি পালিত হয়েছে।
সকালে স্থানীয় পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে মধুপুরের বিভিন্ন গ্রাম থেকে গারো নারী-পুরুষ সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে দোখলায় আসে। পরে দোখলায় বন বিভাগের ফটকে মধুপুর-শোলাকুড়ি সড়ক বন্ধ করে প্রতিবাদ সমাবেশ করে তারা।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জিএমএডির সভাপতি অজয় মৃ, মুক্তাগাছা ট্রাইবাল অ্যাসোসিয়েশনের সভাপতি হিউবাট মৃ, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জন জেত্রা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি চিরানসহ অন্যান্য নেতা।
বক্তারা বলেন, তারা তাদের দখলীয় কৃষি জমিতে লেক চায় না, শিশুপার্ক চায় না। তারা লেক খননের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আমরা লেক চাই না, ভাত চাই। কৃষি জমি ও বন ধ্বংস করে কৃত্রিম লেক এবং শিশুপার্ক নির্মাণ পরিকল্পনা বন্ধ করার দাবি জানাই। লেক খনন নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানান আদিবাসী নেতারা।
এ সময় তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি তোলেন।
সমাবেশে মধুপুর গড় এলাকার মুক্তাগাছা, ঘাটাইল, ফুলবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন গারো কোচ সংগঠনের নারী-পুরুষ ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









