ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয় আলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে। ছয়দিন হাসপাতালে থাকার পর ১৬ জুন তিনি মারা যান। ডিবির হেফাজতে থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আলালের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন, পড়ে গিয়ে ডান পায়ে ও হাতে আঘাত প্রাপ্ত হন আলাল।
রবিবার (১৮ জুন) বিকালে তার ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. তৌহিদা বেগম।
ময়নাতদন্ত সম্পর্কে কোনও মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, পুলিশ তাদের জানিয়েছেন, আলালউদ্দিন প্রথমে মেয়েটিকে হেল্প করতে তার রুমে যায়। পরে বের হয়ে আবার প্রবেশ করে তাকে ধর্ষণ করে। সে সময় সে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতে আঘাত প্রাপ্ত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে যায়। পুলিশ তাকে সেখান থেকে পায়ে ব্যান্ডেজ অবস্থায় আটক করে হৃদরোগ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কী কারণে তার মৃত্যু হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি কোনও মন্তব্য করেননি। তবে জানান, তাদের দেওয়া ভাষ্যমতে আলাল যেখানে চিকিৎসাধীন ছিলেন, আমরা সে সমস্ত সকল ডকুমেন্টস চেয়েছি।
মর্গসূত্রে জানা গেছে, মৃতের হার্ট, লাং, ভিসেরাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকাল সাড়ে চারটায় মৃতের ভাই আব্দুল মান্নান দেওয়ান মরদেহ বুঝে নিয়ে যান।









