সব ধরনের মামলা, বিশেষ করে স্পর্শকাতর মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্তের জন্য পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। কর্মকর্তাদের তিনি বলেছেন, তদন্তের কারণে যাতে প্রকৃত অপরাধী খালাস না পায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। সতর্কতার সঙ্গে মামলা তদন্ত করতে হবে।
রবিবার (১৮ জুন) বিকালে পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত মাসিক (এপ্রিল-মে) অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। এ ভার্চুয়াল সভায় পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। এছাড়াও পুলিশ সদর দফতরে অন্যান্যের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নেওয়ার জন্যেও মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। তিনি বলেন, গত ঈদুল ফিতরে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। আসন্ন ঈদুল আজহাতেও (কোরবানির ঈদ) যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুতি গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সভায় ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা রোধ করা, কোরবানির পশু পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও সভায় এপ্রিল ও মে মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।









