ঈদে দিনভর বৃষ্টির পরে সন্ধ্যায় বৃষ্টি কমে আসে। এরপর ঈদের পরদিন সকালে আকাশ মেঘলা থাকলেও দুপুরে আবার শুরু হয় মুষলধারে বৃষ্টি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এখন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি থেমে থেমে বিভিন্ন এলাকায় চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরপূর্ব মধ্য প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার। এছাড়া নিকলীতে ১০৯, মোংলায় ৯৮, ভোলায় ৬২, ঈশ্বরদীতে ৫৮, খেপুপাড়ায় ৫১, তেঁতুলিয়ায় ৫০, দিনাজপুরে ৪৭, শ্রীমঙ্গলে ৪৫, নেত্রকোনায় ৩৯, তাড়াশে ৩৮,ঢাকায় ৩৬, সিলেটে ৩৫, পটুয়াখালীতে ৩২, মাদারীপুরে ৩১, মাইজদী কোর্ট ও রাঙামাটিতে ২৯, চাঁদপুর ২৬, চুয়াডাঙ্গায় ২২, হাতিয়া ও খুলনায় ২০, টাঙ্গাইল ১৮, ফরিদপুর ১৭, ময়মনসিংহ ও বরিশালে ১৪, গোপালগঞ্জ ১৩, এবং ডিমলা ও সাতক্ষীরা ১১, কুমিল্লা ১০, রংপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রাজশাহীতে সামান্য বৃষ্টি হয়েছে।
ছবি: রাকিবুল ইসলাম









