নীরবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গুলশানে-২-এ ট্রাফিক পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, গুলশান-২ ইন্টারসেকশনে পরীক্ষামূলকভাবে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করে দেখেছি, গত এক মাসে তিন লাখ গাড়ি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ডিএনসিসির নগর ভবনে ফার্স্ট রোড সেফটি মিডিয়া ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) এ ওয়ার্কশপের আয়োজন করে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা এক মাস ধরে গুলশান-২ ইন্টারসেকশনে পরীক্ষামূলকভাবে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) মাধ্যমে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ করে যেটা পেয়েছি, সেটা ভয়াবহ। তিন লাখ গাড়ি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে এই এক মাসে।
তিনি বলেন, আমরা সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে এ তথ্য পেয়েছি। এ সেন্টারটি উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ডিএনসিসি এলাকায়গুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হবে জানিয়ে মেয়র বলেন, আমরা আগামী ১১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এ তথ্য উপস্থাপন করবো। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ডিএমপি ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে গুলশানে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হবে। পরবর্তী সময়ে ঢাকা উত্তর সিটি কপোরেশনের অন্যান্য এলাকায়ও এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।









