প্রায় ১৫ মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন পুলিশের এক কর্মকর্তা। পরে ছুটির আবেদন করলে অনুপস্থিতিকালকে বিনা বেতনে ছুটি হিসেবে মঞ্জুর করা হয়। ‘অসাধারণ ছুটি’ পাওয়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ওই কর্মকর্তার নাম মো. মনিরুজ্জামান। পুলিশ স্টাফ কলেজের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দফতরে সংযুক্ত আছেন।
গত ৪ জুলাই এসপি মনিরুজ্জামানের এক বছর দুই মাস ২৩ দিনের ছুটি মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার (বিপি-৬৭৯৮০১০০৩৯) ও বর্তমানে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত মো. মনিরুজ্জামানের ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ মে পর্যন্ত এক বছর দুই মাস ২৩ দিন অনুপস্থিতিকাল বিনা বেতনে অসাধারণ ছুটি হিসেবে ভূতাপেক্ষভাবে মঞ্জুর করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হলো।
সরকারি সার্ভিস রুলস অনুযায়ী ছুটির বিধিমালার বিধি-৯ (অন্যান্য)-এ বিষয়টি রয়েছে। সেখানে অসাধারণ ছুটির (Extraordinary leave) বিষয়ে বলা হয়েছে, বিধি-৯-এর (৩)(১) অসাধারণ ছুটি। যার জন্য ছুটিকালীন বেতন প্রদেয় নয়। যেকোনও সরকারি কর্মচারীকে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এই অসাধারণ ছুটি দেওয়া যেতে পারে।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা বলেন, সরকার চাইলে যেকোনও সরকারি কর্মচারীকে এমন ছুটি দেওয়ার এখতিয়ার রাখে। তবে এজন্য তিনি কোনও আর্থিক সুবিধা পাবেন না। কেবল চাকরির ধারাবাহিকতা থাকবে।









