ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নুরকে গ্রেফতারের দাবি জানিয়েছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’। গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানান তার।
বুধবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম তুষার বলেন, ‘গণঅধিকার পরিষদ নামে সংগঠনের সাবেক সদস্য সচিব নুরুল হক নুর সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মেন্দি এন সাফদির সঙ্গে নুরুল হক নূরের ছবি, তার স্বীকারোক্তিমূলক কথোপকথন, তার সংগঠনের অন্যান্য সদস্যদের স্বীকারোক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়ার সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েলের মোসাদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় কুকি-চিনসহ কতিপয় জঙ্গিগোষ্ঠী এবং তথাকথিত গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যবহার করে বাংলাদেশের মানুষের সহানুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে নিজস্ব ফায়দা হাসিল করতে চায়, রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ পেতে চায় নুরুল হক নুর।’
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের জীবদ্দশায় এটি কখনও সফল হতে দেওয়া হবে না। তাই রাষ্ট্রবিরোধী নুরকে দ্রুত গ্রেফতারের পর রিমান্ডে এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ যথাযথ তদন্তের মাধ্যমে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচনের পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন সংগঠনের সহসভাপতি নাসির আল আমিন পলাশ, মাহমুদুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, শিবলী ফোরকান প্রমুখ।








