প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স আনুমানিক (৬৫) বছর।
এর আগে গত ২৮ জুন রাজধানীতে ফুলবাড়িয়ায় নগর ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় তিনি আহত হন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অজ্ঞাত বৃদ্ধা ভাসমান প্রকৃতির। ওই এলাকার লোকজন পুলিশকে জানিয়েছে যে, তিনি সে সময় রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি দ্রতগামী প্রাইভেটকার এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
এসআই আরও বলেন, মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভিক্ষা করতেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।









