রাজধানীর বংশালে পুকুরে ডুবে ইসান নন্দী (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার (১৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
মৃতের চাচাতো ভাই বিজয় নন্দী বলেন, ‘এলাকার কিছু ছেলেদের সঙ্গে বংশালে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় ইসান। তার সাথের ছেলেদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বিকাল পৌনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানীর কোতোয়ালি থানাধীন শাঁখারী বাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতো সে। তার বাবার নাম সত্যজিৎ নন্দী। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।









