বৃহত্তর রংপুরকে আঞ্চলিক লোকসংগীত অঞ্চল হিসেবে ঘোষণা চায় সংসদীয় কমিটি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে তারা।
মঙ্গলবার (১৮ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য জাতীয় জাদুঘরে বিক্রয় কেন্দ্র চালুর সুপারিশ করেছে।
বৈঠকে কক্সবাজারের রামুতে অবস্থিত রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করা হয়।
বৈঠকে শিল্পকলা একাডেমির জেলা পর্যায়ের কমিটি নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য নীতিমালা তৈরির সুপারিশ করা হয়।
সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, সাগুফতা ইয়াসমিন এবং শেরীফা কাদের অংশ নেন।







