ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম অশোক কুমার (৪৯)। আরপি বন্দি নম্বর ১৮/২৩।
বুধবার (২ আগস্ট) রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এর আগে কামরুল হাসানসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে বুধবার রাত ৮টা ১২ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম মহেশ আগারওয়ালা।









