বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।
এ সময় হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।’
গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী। এই মন্তব্যের বিষয়ে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন হিরো আলম।
রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু এইট পাস। তিনি এইট পাস, আমি সেভেন পাস; এক ক্লাস নিচে।’









