বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। এরপর তার আইনজীবী মুনসুর আলী রিপনের মাধ্যমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। মামলার আবেদনে চার জনকে সাক্ষী করা হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গতকাল রবিবার অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় আদালতে মামলা করার। পরে সেখান থেকে সরাসরি আদালতে গেলেও মামলা না করেই ফিরে যান তিনি। এর একদিন পরে এসে আবার মামলার আবেদন জানালেন হিরো আলম।
ডিবি কার্যালয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন।’
উল্লেখ্য,গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে ‘অর্ধ পাগল’ ও ‘অশিক্ষিত’ হিসেবে অভিহিত করেন রুহুল কবির রিজভী। এই মন্তব্যের বিষয়ে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন হিরো আলম।
রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনারা নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া কিন্তু এইট পাস। তিনি এইট পাস, আমি সেভেন পাস, এক ক্লাস নিচে।’









