যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিতব্য ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) সম্মেলনে অংশ নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। আগামী সেপ্টেম্বর ১৮-১৯ তারিখে নিউইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির গণসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) ২০২৩ সম্মেলনে জনস্বাস্থ্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাস্তুচ্যুত জনগণের জন্য করণীয় বিষয়ে বক্তব্য প্রদানের জন্য মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
উল্লেখ্য, মেয়র আতিকুল ইসলাম এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশান গভর্ন্যান্স এ আলোচনায় এবং বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে মেয়রস মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, C-40 সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং C40-MMC টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় জলবায়ুর স্থিতিস্থাপকতা তৈরিতে ভূমিকা রাখায় ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন প্রকল্পের আওতায় ১৮টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৫০টি নতুন পাবলিক টয়লেট নির্মাণ ও ২৩টি বিদ্যমান পাবলিক টয়লেটের উন্নয়ন, ২টি কবরস্থানের উন্নয়ন এবং একটি পশু জবাইখানা উন্নয়ন কার্যক্রমের জন্য এই সম্মাননা দেওয়া হয় তাকে। ডিএনসিসির এই কার্যক্রম সবুজ ভবিষ্যতের পথ প্রশস্ত করছে।









