১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে কেউ যেন কোনও ধরনের নাশকতা সৃষ্টি করে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিব্রত করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে রাজধানীতে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। কেউ যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সুনির্দিষ্ট কোনও হামলার ঘটনার তথ্য না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা সব ধরনের বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। ধানমন্ডি ৩২ এলাকায় যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীতে র্যাবের টহল জোরদার করা হয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে কাজ করছি আমরা।









